
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার। এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল চারটায় ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। স্থায়ী কক্ষে রোববার কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। এই অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এছাড়া আগের অধিবেশনের পর জারি করা তিনটি অধ্যাদেশ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এছাড়া সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ পাওয়া গেছে। একই বিধির ১৩১ ধারায় সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিস জমা পড়েছে ২৮১টি।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রস্তাব গ্রহণ করেন।
সংসদের সাউন্ড সিস্টেম বা শব্দব্যবস্থার উন্নয়ন কাজের অগ্রগতি জানতে চাইলে সংসদ সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তিনি বলেন, অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সৌরবিদ্যুৎ দিয়ে সংসদের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।
ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আরও অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মন্তব্য করুন