
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসবিএমসি ডে’ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি জুড়ে আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বান্দ রোড প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
সকাল ১০টায় কলেজের ৫০ বছর পূর্তি মঞ্চে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুজিবুল হক দোলন, অধ্যাপক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম সেলিম ও ডা. ইমতিয়াজ আহমেদ সাজিদ। এছাড়া কলেজের প্রথম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।
এসময় তাঁরা কলেজজীবনের নানা আনন্দমুখর মুহূর্তে ফিরে যান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
মন্তব্য করুন