
সীতাকুণ্ডে সাবেক এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে একদল দুর্বৃত্তের হাতে এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২০ নভেম্বর)। সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ ফেসবুকে এক পোস্টে হামলার তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার বরাতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এস এম আল মামুনের বাড়িতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই বাসিন্দা আরও দাবি করেন, হামলাকারীরা দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এসেছিল।
একই সূত্রে অভিযোগ করা হয়েছে, ওই সময় বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। অস্ত্রধারীদের পরিচয় প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, রাত ২টা ৩৪ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের পরপরই বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। জানালার কাচ ভাঙচুর করে দুর্বৃত্তরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ছেড়ে যায়।
তবে গাড়িতে আগুন দেওয়া নিয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রুবেল আফ্রাদ জানান, কারা আগুন দিয়েছে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। খবর পাওয়ার পর এসআই সুজাত উল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির সামনে রাখা একটি বক্সে আগুন দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যে ভিডিওতে গাড়িতে আগুন দেওয়া দেখা যাচ্ছে, সেটি আগের কোনো ঘটনার বলে জানান তিনি।
মন্তব্য করুন