
বাংলাদেশে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, এই সহিংসতার মধ্যে ক্ষমতাসীন দলের অন্তত দুই সদস্যের সাথে বাসে অগ্নিসংযোগে নিহত দুই গণপরিবহনকর্মী রয়েছে। নিউইয়র্ক টাইমসের ২১ নভেম্বর প্রকাশিত এবং ২২ নভেম্বর হালনাগাদ করা একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় সপ্তাহে আওয়ামী লীগের সমর্থকদের সাথে জড়িত বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালানো হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, এর লক্ষ্য ছিল বর্তমান সরকারকে অস্থিতিশীল করা। এই ঘটনাগুলিতে গণপরিবহন, থানা ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ ঘটেছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির দুই নেতার বাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
সহিংসতার সবচেয়ে তীব্র রূপ ধারণ করেছে গোপালগঞ্জে। শেখ হাসিনার জন্মস্থান এই জেলায় বিক্ষোভকারীরা প্রধান সড়ক প্রায় ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখেন। এই সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা এবং এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী লীগ একটি বিবৃতিতে সহিংসতার সাথে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। দলের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছিল এবং অগ্নিসংযোগ বা মানুষের ওপর হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা দলের রাজনৈতিক উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্য পক্ষকে দমন-পীড়নের অজুহাত তৈরি করে।
শেখ হাসিনা পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে তার শেষ তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দমন-পীড়নের অভিযোগ ছিল। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময়ে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘের আগের হিসাবের বরাদি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আন্দোলন ও দমন-পীড়নে সর্বোচ্চ প্রায় ১,৪০০ মানুষ নিহত থাকতে পারেন। এই সময় ইন্টারনেট বন্ধ এবং ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে।
পরিস্থিতির মুখে ২০২৪ সালে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। সম্প্রতি নওদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করে শেখ হাসিনা নতুন আলোচনায় আসেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার তাকে এই নথি দেওয়ায় আগ্রহী নয়।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাস কিংবা প্রাণহানির ঝুঁকি সম্পর্কে সচেতন তিনি জানিয়েছেন। বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে পলাতক অপরাধী হিসেবে উল্লেখ করে ভারতের কাছে তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী নওদিল্লি।
চলতি বছরের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সীমান্তের ওপার থেকে নির্দেশনা পাওয়া বিক্ষোভকারীদের প্রসঙ্গও উল্লেখ করেছেন।
ভারত সরকারের একজন মুখপাত্র শুক্রবার বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তার প্রথম ভারত সফর। তারেক রহমান এখনো এই আমন্ত্রণের বিষয়ে সাড়া দেননি।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বাংলাদেশের চলমান সহিংসতাকে শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট হিসেবে নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্যও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতা, তার প্রত্যর্পণ এবং ভারতে অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। চলমান পরিস্থিতির পরবর্তী গতিপথ নির্ভর করবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং ঢাকা-নওদিল্লির কূটনৈতিক যোগাযোগের ওপর।
মন্তব্য করুন