
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন কমিশনার। সভাটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কমিশনারের বক্তব্য অনুযায়ী, কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে সে লক্ষ্যে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের একাধিক ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার।
মন্তব্য করুন