
নাগরপুরে যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই অভিযানের মাধ্যমে উপজেলার ‘ভুতের মোড়’ থেকে দপ্তিয়র ‘নিশ্চিন্তপুর ঘাট’ পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানকালে আনুমানিক ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার মূল্যের প্রায় ৬০,২৫০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন এবং উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে। অভিযান শেষে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন