
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবার মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোকে বাধ্যতামূলক করেছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মালিকদের এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে এবং অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক থাকবে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করতে এবার মোটরসাইকেলের সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নির্ধারিত মান অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে।
নতুন নির্দেশনায় সামনের নম্বরপ্লেট তৈরির জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। প্লেটটি স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম থেকে তৈরি হতে হবে। পটভূমি সাদা রঙের হতে হবে এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধন করা যাবে না।
একইসঙ্গে নম্বরপ্লেটের আকারও ভিন্ন ভিন্ন মোটরসাইকেলের জন্য নির্ধারণ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে; অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে; উচ্চতাও কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ মোটরসাইকেল মালিকদের নির্ধারিত নকশা, রং ও মাপ অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট স্থাপনের আহ্বান জানিয়েছে। সময়সীমার মধ্যে পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন