
শেরপুরে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার, ২৮ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো পরিত্যাগ করা এবং সড়কে পারস্পরিক সচেতনতা ও সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে বক্তারা উল্লেখ করেন। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই বলে তারা মতামত দেন।
মন্তব্য করুন