
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ডাদেশ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনের হত্যার ঘটনায় দায়ে দায়র করা মামলায় ঘোষিত হয়েছে। এই মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড ও অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২)-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনাল পলাতক চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহবুবউল আলম হানিফ ছাড়াও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
প্রসিকিউশন জানায়, গত বছরের ২৫ মার্চ এ মামলার তদন্ত শুরু হয়ে ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পর ২ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিচারকার্যে মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে এটি অন্যতম বড় একটি রায়।
মন্তব্য করুন