
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকরা সড়কে অবস্থান করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক একযোগে এই বিক্ষোভ শুরু করেন। এর জেরে মিরপুর-১০, ফার্মগেট, আগারগাঁও, পল্লবী এবং মিরপুর-১৪ নম্বরমুখী প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেককে দীর্ঘক্ষণ যানবাহনে অপেক্ষার পর পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বড় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, পোশাকশ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং জনদুর্ব্বোগ এড়াতে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন