
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা এবং বাকি দুজনের একজন সিলেট ও অন্যজন খুলনা বিভাগের।
একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী এবং ৭৭ জন পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী রয়েছেন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্তের ক্ষেত্রে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ জন রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।
মন্তব্য করুন