
গাংনীতে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুটি বোমা উদ্ধার, অভিযান অব্যাহত
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে সোমবার রাতে সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেল চালকের উপর ডাকাতরা হামলা চালিয়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর গাংনী থানা পুলিশ একটি দল ঘটনাস্থলের অদূরে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা এবং নিজের টিভিএস মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া থেকে তেঁতুলবাড়ীয়া গ্রামের দিকে যাচ্ছিলেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।
স্থানীয়দের কাছে খবর পৌঁছালে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পরে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলের অদূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করা হয়।
গাংনী থানার সাব-ইন্সপেক্টর (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন