
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে দেশটি আলোচনা ও সংলাপের জন্য প্রস্তুত রয়েছে, তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না। তিনি জোর দিয়েছেন যে যেকোনো আলোচনা অবশ্যই ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।
শনিবার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারে। তিনি জানান যে আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ হিসেবে সংলাপে অধিকার আদায় করা গেলে যুদ্ধে জড়ানো উচিত নয়, কিন্তু কোনো শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না।
পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে ইরানের ‘শত্রু’ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সর্বোচ্চ নেতা খামেনি এমন পরিস্থিতির অবসান ঘটাতে নির্দেশ দিয়েছেন—যুদ্ধও নয়, শান্তিও নয়। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় এবং কোনো বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে জানান যে চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব। বাঘাই ওই প্রস্তাবটিকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেন এবং তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন।
মন্তব্য করুন