
দুবাইয়ে একটি অনুষ্ঠানে বলিউড সুপারস্টার শাহরুখ খান মজার ছলে জানিয়েছেন যে তাঁর প্রাসাদতুল্য বাড়ি ‘মান্নাত’-এর ভেতরে তাঁর কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। সঞ্চালক করণ জোহরের প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, বাড়ির সাজসজ্জা, খাবার, এমনকি বিছানায় বসে খাওয়ার অনুমতিও তাঁর নেই। সব সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী গৌরী খান।
দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখ বলেন, মান্নাত গৌরীর এলাকা। সেখানে ওয়াইফাই, রং, সাজসজ্জা, আলো, ঝাড়বাতি, লিফট, আসবাবপত্র—সব কিছু নিয়ে কথা বলা তাঁর জন্য নিষিদ্ধ। দেয়ালে ছবি ঝুলবে কি না, সে ব্যাপারেও কথা বলতে পারেন না তিনি। তিনি বলেন, গৌরীর সিদ্ধান্ত বা পছন্দের বাইরে তাঁরা কোনো কথাই বলতে পারে না।
শাহরুখ বলেন যে তাঁর সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই। বাড়ির ভেতরে তাঁদের কোনো স্বাধীনতা নেই। বাড়ির বাইরে তাঁরা স্বাধীন, কিন্তু ভেতরে ঢুকলেই সব নিয়ন্ত্রণে থাকে গৌরীর।
দুবাইয়ের নতুন পেন্টহাউজ নিয়েও একই অবস্থা বলে মন্তব্য করেন অভিনেতা। সেখানে ঢুকলেও তাঁর কোনো স্বাধীনতা থাকে না বলে জানিয়েছেন।
করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান তিনি? এই প্রশ্নের উত্তরে শাহরুখ তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর একটি সংলাপ টেনে বলেন, “হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।”
‘কিং’ সিনেমাটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত। এই সিনেমায় অভিষেক হচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের বড় পর্দায়। সিনেমাটির মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। এতে দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
মন্তব্য করুন