
গাজীপুরে শ্রমিকদের বেতনবৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে।
সূত্র অনুযায়ী, সকালে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় গিয়ে নির্ধারিত কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে ভেতরে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে বিপুলসংখ্যক শ্রমিক রাস্তায় নেমে এসে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের জেরে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘব করতে পুলিশ ধৈর্যের সঙ্গে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন