
চুয়েটে আবার পূর্ণ বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট দীর্ঘদিনের সংকটের কোনো স্থায়ী সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ বা পূর্ণ বন্ধ কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে এবং এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে পুনরায় শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। সভা শেষে রাত ২টার দিকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের বক্তব্য, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান এই আন্দোলনে সব শিক্ষার্থী স্বয়ংস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো পদক্ষেপ নেওয়ায়নি বলে তারা দাবি করেছেন। এর ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা সেশনজটসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন, কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই সব ব্যাচের সম্মতিতে বৃহস্পতিবার থেকে পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। অন্যদিকে, একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
পটভূমি হিসেবে উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীদের পূর্ণ বন্ধ কর্মসূচির কারণে টানা ৩৬ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। পরবর্তীতে গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হলেও মূল সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও ক্যাম্পাস অচল হয়ে পড়ে।
মন্তব্য করুন