
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপকে সামনে রেখে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে সেলিম নামের একজন নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয়রা সেলিমের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকেও ওই হাসপাতালে নেওয়া হয়।
আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সপ্তাহেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও দুই পক্ষ সংঘাতে জড়ায়। সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন