
ভারতের তামিলনাড়ু রাজ্যে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের আগের ১৫ দিনের মধ্যে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের যেকোনো সময় এই ছুটি নিতে পারবেন।
সন্তান জন্মের সময় মায়ের পাশে থাকা এবং নবজাতকের যত্নে বাবার অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, এ সময়ে মা ও শিশুর জন্য বাবার শারীরিক ও মানসিক সহযোগিতা প্রয়োজনীয়। পিতৃত্বকালীন ছুটির ফলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি এবং শিশুর লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে পিতৃত্বকালীন ছুটির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের আবেদন বিবেচনায় নিয়ে রাজ্য সরকার এই সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। গত আগস্টে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও নারী সরকারি কর্মীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। রাজ্যে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ধাপে ধাপে বাড়ানো হয়েছে—২০১১ সালে ৯০ দিন থেকে ছয় মাস, ২০১৬ সালে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে ৩৬৫ দিন করা হয়।
তবে পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য নয়। ওডিশায় ২০১১ সাল থেকেই পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। পশ্চিমবঙ্গেও যোগ্য পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পান। সূত্র: এনডিটিভি।
মন্তব্য করুন