
খুলনার মুজগুন্নী এলাকার বাসিন্দা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিনা সাফা খান মাত্র নয় বছর বয়সে পবিত্র কুরআন শরিফের সম্পূর্ণ অংশ হাতে লিখে শেষ করেছেন। প্রায় ৪০ দিনের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা এই কুরআনটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে উপহার দেন তিনি। প্রধানমন্ত্রী এই উপহার গ্রহণ করেন।
সূত্রে জানা গেছে, অরিনার বাড়ি খুলনার মুজগুন্নী এলাকায়, আরাফাত মসজিদসংলগ্ন সড়কে খোকন মুন্সীর বাড়িতে। তার বাবার নাম শুকুর আলী খান এবং মা রাশিদা বেগম। দুই সন্তানের মধ্যে অরিনা দ্বিতীয়। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মাত্র নয় বছর বয়সে কুরআন শরিফ লেখা শুরু করেন তিনি। প্রায় ৪০ দিনের মধ্যে পুরো কুরআন লেখা শেষ করেন।
প্রধানমন্ত্রী খুলনায় আসবেন জানতে পেরে তাঁকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবতে থাকেন অরিনা। একপর্যায়ে নিজের হাতে লেখা কুরআন শরিফটিই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, তার কাছে এটি শুধু একটি উপহার নয়, বরং জীবনের অন্যতম সেরা কাজ।
শুক্রবার (৬ নভেম্বর) অরিনা বলেন, “আমি যে কুরআন শরিফটি হাতে লিখেছি, সেটিই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা ভাবলাম। পরে না হয় আমি আবার একটি লিখে নিতে পারব।”
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অরিনা বলেন, শুরুতে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও করছিল। তবে প্রধানমন্ত্রী আপনজনের মতো আন্তরিকভাবে কথা বলায় তার অস্বস্তি কেটে যায়। অরিনা বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।”
জানা গেছে, অরিনা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শিশু শিল্পী হিসেবেও পরিচিত তিনি। ইসলামি সংগীত পরিবেশন করেন অরিনা। তার প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালিশপুরের কনটেন্ট ক্রিয়েটর নাঈম হাসান।
মাত্র নয় বছর বয়সে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া অরিনার কাছে কুরআন লেখার অভিজ্ঞতা যেমন স্মরণীয়, তেমনি নিজের হাতে লেখা সেই কুরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারাও তার জীবনের বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন