
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কদমতলী মোড়ে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় সাংসদের অনুসারী হিসেবে পরিচিত অন্য একটি গোষ্ঠী কদমতলী এলাকায় এসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষ শুরু হয় এবং তা তীব্র আকার ধারণ করে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে পুরো কদমতলী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল এবং পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বলেছিল। তবে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন