
হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতের হামলার ঘটনা ঘটেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, এতে ‘শত্রুপক্ষ’ জড়িত থাকতে পারে। তবে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্যের বরাত দিয়ে আল জাজিরা ও আনাদোলু বার্তাসংস্থা এ খবর প্রকাশ করেছে। ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সিরিক শহরে সামরিক ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু হামলাকারী পক্ষ, আঘাতের লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছুই এখনো জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও নিশ্চিত করা হয়নি।
এর আগে সিরিক অঞ্চলে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ স্পষ্ট না থাকলেও, কিছু সূত্রের ধারণা, সমুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার ফলেই এই বিস্ফোরণগুলোর ঘটনা ঘটতে পারে।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর এই খবরের প্রভাব পড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২.৩৬ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, সিরিক শহরটি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালীর পূর্ব দিকে অবস্থিত। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করা এই কৌশলগত নৌপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। তাই এই অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনাই আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
ইরানি কর্মকর্তারা প্রায়ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। তবে সিরিকে সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
মন্তব্য করুন