
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রথম ধাপের বাছাইয়ে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্যে বেশ কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় বাকি আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে অতিরিক্ত এই ৫০ জনকে সুযোগ দেওয়া হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেলের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলনকক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি সংস্থার অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে এবং আবেদনকারীদের নির্ধারিত সময়ে তা দেখার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।
বোয়েসেলের তথ্যমতে, শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছিল। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের সাক্ষাৎকারে ওই ৩০০ জনের মধ্যে কিছু সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকেন। এ কারণেই অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে নতুন ৫০ জনকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বোয়েসেল। চূড়ান্ত বাছাইয়ের জন্য মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার পরিচালনা করছে।
সংস্থাটি জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না; সম্পূর্ণ খরচ মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
মন্তব্য করুন