
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেটমুখী লংমার্চ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চের কথা ছিল। তবে ঢাকা–সিলেট সড়ক বেহাল হওয়ার প্রেক্ষিতে রেলপথে কর্মসূচি পরিচালনার বিকল্পটি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিত রাখা হয়।
সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জানান, খুলনার লংমার্চের আগেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সিলেটের কর্মসূচি স্থগিত রাখার নির্দেশনা এসেছে। কবে কর্মসূচি হবে, তার নতুন কোনো নির্দেশনা তারা পাননি বলে তিনি বলেন।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও গণমাধ্যমকে বলেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন তারিখ নির্ধারিত হয়নি। বিষয়টিতে সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব।
আগে ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে একটি অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দেন। তখনই তিনি অন্য বিভাগের মতো বাস বা সড়কপথে না গিয়ে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চের প্রস্তাব আসে। সে অনুযায়ী ট্রেনে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা ছিল। তারা মনে করেছিলেন, এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
তবে বাস্তবায়নের সময় নতুন জটিলতা সামনে আসে। লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে বলে ধরে নেওয়া হয়েছিল। ফলে যাত্রীসেবা স্বাভাবিক রেখে একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি সম্ভব কি না নিয়ে আলোচনা শুরু হয় এবং ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানান, বিগত কর্মসূচি মূল্যায়ন ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ হয়। খুলনার লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায়। চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে নির্ধারিত সিলেটমুখী লংমার্চ এখনও অনিশ্চিত। কর্মসূচি আদৌ হবে কি না, তা নির্ভর করছে ১১ দলের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠকের সিদ্ধান্তের ওপর।
মন্তব্য করুন