
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষায় কোনো শর্টসার্কিটের চিহ্ন পাওয়া যায়নি। শুক্রবার (১৩ নভেম্বর) সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক বলেন, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইন অক্ষত ছিল। মিটারের ভেতরের সার্কিটে কোনো ত্রুটি পাওয়া যায়নি এবং ফিউজগুলোও অক্ষত ছিল।
তিনি আরও বলেন, সবকিছু পর্যালোচনার পর বৈদ্যুতিক শর্টসার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দায়ী করার মতো কোনো আলামত পাওয়া যায়নি।
মন্তব্য করুন