
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তাঁর সাবেক স্ত্রী সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করার অভিযোগে মামলা দায়ের করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে বাদী হয়ে মামলাটি করেন হিরো আলম। মামলায় অভিযুক্ত অপর দুই আসামির নাম আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। তাঁদের দুজনকে সাথী খাতুনের সঙ্গে যোগসাজশে চাঁদা দাবি করার অভিযোগ করা হয়েছে।
হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
আরজিতে বাদী জানান, সাথী খাতুন তাঁর কাছে এসে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাঁকে অর্থ দেন হিরো আলম। তিনি দাবি করেন, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা সাথী খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন।
আরজিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট হিরো আলম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। ফোনে সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন। এরপর গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানান হিরো আলম।
আদালতে যাওয়ার আগে গত ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন হিরো আলম। মামলায় উল্লিখিত অভিযোগগুলো এখনো তদন্তাধীন এবং পিবিআইয়ের তদন্তের ওপর নির্ভর করবে সত্যতা যাচাইয়ের বিষয়টি।
মন্তব্য করুন