২৮ অক্টোবর ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশে জাপানের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করে দেশটির উন্নয়নে জোরালো সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি তারেক রহমানকে (যাকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছেন) নেতৃত্ব দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান এবং গণতন্ত্র, আইনের শাসন এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) তারেক রহমান এবং সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে এই বৈঠক হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ ঘোষণা দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় করেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে তাকাইচি বলেন, গণতন্ত্রের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু রাষ্ট্রের নেতা হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশের সরকারের রাষ্ট্র গঠন ও জাতীয় উন্নয়নের উদ্যোগগুলোকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে বলেও জানান তিনি।

তাকাইচি বলেন, ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দুই দেশের সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উভয় নেতা বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় বা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে নতুন কৌশলগত কাঠামোর অধীনে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামের এই উদ্যোগের মাধ্যমে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছাতে পারে। এর মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন তাকাইচি। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে শিগগিরই একটি অর্থনৈতিক প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা, কৃষি, মৎস্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই নেতা একমত হন। বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতিও প্রত্যাশা ব্যক্ত করেন তাকাইচি। জবাবে বাংলাদেশের সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বলে জাপানের সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে জাপান টহলজাহাজ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথভাবে কাজ করার বিষয়েও একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।

তারেক রহমান বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপানের স্বীকৃতি এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে দেশটির সহযোগিতার কথা স্মরণ করেন। বাংলাদেশের জনগণের কাছে জাপান একটি বিশেষ অংশীদার বলেও উল্লেখ করেন তিনি। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অপহরণসংক্রান্ত সমস্যা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। জাতিসংঘেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁরা একমত হন।

জাপানের প্রধানমন্ত্রী জানান, সরকারি এবং বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধি প্রতিষ্ঠায় তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ভোটের মোড়: ৫১-৫১ আসনে আটকে ইসরায়েলের ভাগ্য!

১

আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

৩

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

৪

বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৫

শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

৬

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

৮

লিওনেল মেসি ব্যালন ডি’অরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন

৯

ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গুলিবর্ষণ তদন্তে

১০

সানিয়া মির্জা নতুন ভূমিকায় লড়ছেন নির্বাচনে

১১

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশে সহযোগিতা বাড়াতে হবে: ডা.জুবাইদা

১২

ভোলায় নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা

১৩

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৪

ফলপ্রসূ বৈঠক হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে: তারেক রহমান

১৫

হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান

১৬

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

১৭

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস

১৮

পিএসজি মরিয়া চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে

১৯

‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান

২০