
কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’, এক মঞ্চে চার নির্দেশকের প্রযোজনা
কণ্ঠশীলন, যারা প্রমিত উচ্চারণ ও বিশুদ্ধ বাকশিল্প চর্চার জন্য পরিচিত, তাদের নতুন সমবেত প্রযোজনা ‘শ্রুতি সমাহার’ উপস্থাপন করছে। এই প্রযোজনায় বাংলা সাহিত্যের চারটি রচনাকে আবৃত্তি ও শ্রুতিনাট্যের মাধ্যমে উপস্থাপন করবেন চারজন তরুণ নির্দেশক। প্রযোজনাটিতে অন্তর্ভুক্ত আছে জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’, ‘আমার এ মাটির গান’, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘পরের উপকার করিও না’ এবং আবদুশ শাকুরের ‘আক্কেল গুড়ুম’।
প্রযোজনাটির বিশেষত্ব হলো, এতে চারজন নির্দেশক একসাথে নির্দেশনার দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের প্রথম অংশে অনন্যা গোস্বামীর নির্দেশনায় উপস্থাপিত হবে জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’, যাতে মুক্তিযুদ্ধ, সময়ের দাবি এবং সমাজ পরিবর্তনের প্রেক্ষাপট উঠে আসবে। এরপর নুরুজ্জামান নান্নুর গ্রন্থনায় পরিবেশিত হবে ‘আমার এ মাটির গান’, যা স্বদেশের প্রতি গভীর টান ও মাটির গন্ধ উপস্থাপন করবে।
নিবিড় রহমানের নির্দেশনায় উপস্থাপিত হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘পরের উপকার করিও না’, যা মানুষের সরলতা ও সম্পর্কের অন্তরালে লুকিয়ে থাকা মনস্তত্বের প্রবণতার আকাঙ্ক্ষায় বিড়ম্বনার চিত্র তুলে ধরবে। সবশেষে রইস উল ইসলামের শ্রুতিনাট্যরূপে উপস্থাপিত হবে আবদুশ শাকুরের ‘আক্কেল গুড়ুম’, যা নাট্যধর্মী ব্যঙ্গ ও সমাজের অসংগতিগুলোকে তুলে ধরে দর্শকদের সামনে ভিন্ন অভিজ্ঞতা হাজির করবে।
এই প্রযোজনার মাধ্যমে কণ্ঠশীলন আবৃত্তি ও শ্রুতিনাট্যচর্চাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চায়। বাংলাদেশ জার্নাল/এনএম
মন্তব্য করুন