
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভ্যন্তরীণ বিরোধের জেরে গোলাগুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত হয়েছেন। পুলিশের তালিকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সাহেব আলীর মৃত্যু সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। তার মতে, সোমবার সন্ধ্যায় সাহেব আলীর নিজ বাহিনীর সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিজ বাহিনীর সদস্যদের মধ্যে অন্তঃকোন্দলের জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। গত বছরও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
মন্তব্য করুন