
নারায়ণগঞ্জে গোলাগুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি মারা যান। পুলিশের ভাষ্য, ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় গোলাগুলির সময় সাহেব আলী (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, সাহেব আলী এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে জামিনে মুক্তি পান। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন