
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর এবারের স্পনসর হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। আগামী সোমবার (নভেম্বর ৯) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (নভেম্বর ৭) ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এছাড়া ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এদের মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ফাইনালে সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্যও পুরস্কার থাকবে।
ওয়ালটনের প্রতিনিধি রবিউল ইসলাম মিল্টন বলেন, “দেশের খেলাধুলার বিকাশে ওয়ালটন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে। ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা উভয়ক্ষেত্রেই খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও খেলাধুলার সুযোগ বাড়াতে আমরা পাশে থাকার চেষ্টা করছি। সাংবাদিকদের ব্যস্ত পেশাজীবনে এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। সেই ভাবনা থেকেই এবারও ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।”
ডিআরইউ নেতারা ওয়ালটন ও ল্যাবএইডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা জানান, খেলার নিয়মাবলি ও সূচি অংশগ্রহণকারী দলগুলোকে জানিয়ে দেওয়া হবে। একইভাবে ক্রিকেটসহ দেশের বিভিন্ন খেলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন।
মন্তব্য করুন