
ক্ষুব্ধ ট্রাম্পকে ঘিরে উদ্বেগ, পারমাণবিক হামলার শঙ্কা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ব্যাপক পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফরেনসিক মনোরোগ বিশেষজ্ঞ এবং সহিংসতা বিষয়ক গবেষক ডা. বান্ডি এক্স লি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন যে, পরাজয়ের অপমান থেকে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নিতে পারেন যা বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি উল্লেখ করেন যে এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।
ডা. লি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর ট্রাম্প প্রাথমিকভাবে শান্ত থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি মনে করেন, ট্রাম্পের ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে এখনই তাঁর ওপর একটি সীমারেখা আরোপ করা জরুরি। ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন লি। তাঁর মতে, ট্রাম্প পারমাণবিক অস্ত্রকে কেবল একটি বড় বোমা হিসেবে দেখেন এবং এর ভয়াবহ পরিণতি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না। নির্বাচনে পরাজয়ের ফলে সৃষ্ট হতাশা থেকে তিনি ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় এমন হামলার সিদ্ধান্ত নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ।
এদিকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পেপও আসন্ন সময়কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন। জানুয়ারিতে হাজার হাজার ডেমোক্র্যাট জনপ্রতিনিধি দাযিত্ব নেওয়ার আগ পর্যন্ত আট সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে বলে তাঁর ধারণা। ক্ষমতা হস্তান্তরের সময়টা সবচেয়ে বেশি সংবেদনশীল উল্লেখ করে ২০২১ সালের ক্যাপিটল হিল হামলার উদাহরণ টানেন তিনি।
নির্বাচনে হারের পর প্রথম টেলিভিশন উপস্থিতিতে ট্রাম্প ভোটের ফল এড়িযে গিয়েছিলেন হোয়াইট হাউসের নির্মাণাধীন একটি বলরুম নিয়ে কথা বলেছিলেন এবং সেটিকে “সবচেয়ে নিরাপদ জায়গা” আখ্যা দিয়ে একটি ইস্পাতের বিমে “ভালোবাসা” লিখে স্বাক্ষর করেন। ডা. লির মতে, পরাজয়ের বিষয়টি ট্রাম্পের জন্য এতটাই বেদনাদায়ক যে তিনি বাস্তবতাকে এড়িযে এমন মানসিক আশ্রয়ের খোঁজ করছেন।
সাম্প্রতিক সময়ে ডানপন্থি টেলিভিশন ভাষ্যকার টাকার কার্লসনও কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও যুক্তরাষ্ট্র প্রশাসন বা পেন্টাগন এমন কোনো পরিকল্পনার কথা স্বীকার করেনি। ব্রিটিশ পারমাণবিক বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া লুইস সতর্ক করে বলেছেন, এ ধরনের কোনো হামলা হলে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও তেজস্ক্রিয়তায় বহু নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যু হবে।
সব মিলিয়ে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ট্রাম্পকে ঘিরে মার্কিন রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তায় এক ধরনের অনিশ্চয়তা ও শঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে।
*সূত্র: বাংলাদেশ জার্নাল, ২০২৬-১১-১০*
মন্তব্য করুন