
গাজীপুরে অবরোধের দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা সংলগ্ন বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। শনিবার সকালে এই বিক্ষোভের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে দেড় ঘণ্টার মাথায় মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
খবর পাওয়া মাত্র শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে নেন। এতে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কিছু স্থানে অবরোধের ঘটনা ঘটে। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
এর আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ছয়-সাতটি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে জড়ো হয়। তিনি জানান, মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। শিল্প পুলিশ, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
মন্তব্য করুন