
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বিভাগের ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রাইস উদ্দীন উপস্থিত ছিলেন। তার বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবী, প্রকৃতি, মানুষের আগমন-প্রস্থান এবং সৃষ্টির রহস্য সম্পর্কে গভীর গবেষণাই দর্শনের প্রধান বিষয়বস্তু। পৃথিবীর সভ্যতার বিকাশে দর্শনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করার একটি মাধ্যম হিসেবে দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, নিজের ভাগ্যকে দোষারোপ করার বদলে সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতি হিসেবে প্রত্যাশিত উন্নতি অর্জন করতে না পারার একটি কারণ হলো জাতীয়ভাবে সুস্পষ্ট দর্শন ও আদর্শের অভাব। দেশের প্রকৃত উন্নয়নের জন্য একটি সুসংহত দর্শন অর্জন জরুরি বলে উপাচার্য মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বক্তব্য দেন। তিনি বিভিন্ন প্রসিদ্ধ দার্শনিকের তত্ত্ব ও দর্শন নিয়ে আলোচনা করেন। তার মতে, দর্শনকে নির্দিষ্ট কোনো জ্ঞানশাখার মধ্যে সীমাবদ্ধ করা যায় না। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট মোকাবেলায় দার্শনিক চিন্তা ও দার্শনিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বুদ্ধিবৃত্তিক গুণাবলি ও নৈতিক গুণাবলির পার্থক্য তুলে ধরে বলেন, আন্তরিক শ্রমের পাশাপাশি মেধা, সততা ও নৈতিকতা অর্জনকে টেকসই করার জন্য অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, প্রতিটি জ্ঞানশাখার নিজস্ব কিছু মৌলিক মূল্যবোধ রয়েছে। দর্শনের ক্ষেত্রে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের গুরুত্ব অপরিসীম। দর্শন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং বাস্তব জীবনে এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির যুগেও দর্শনের প্রয়োজনীয়তা কমেনি বলে তিনি বলেন।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু উপস্থিত ছিলেন। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসানের সভাপতিতে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে বিদায়ী ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত ‘সত্যম’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। সকালে বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়।
মন্তব্য করুন