
দেশের বিভিন্ন স্থানে রেলপথ ও ট্রেনে নাশকতার কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ময়মনসিংহের বিষকায় ট্রেনের বগিতে আগুন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ট্রেনে অগ্নিসংযোগ, গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলা এবং জামালপুরের মেলান্দহে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার ঘটনা রয়েছে। রেলওয়ে পুলিশ, রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ কর্মকর্তারা সাম্প্রতিক এসব ঘটনার তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নেত্রকোনা থেকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রী নিয়ে ঝারিয়া লোকাল ট্রেনটি চলছিল। বিষকা এলাকায় পৌঁছালে ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে রেলওয়ে পুলিশ, ট্রেনের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ওই বগির একটি আসন আংশিক পুড়ে যায়। আগুন লাগা বগিতে কোনো যাত্রী ছিলেন না বলে পুলিশ জানিয়েছে; ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, বিষকা রেলস্টেশনটি খুবই অন্ধকার এবং সেখানে লোকাল ট্রেন থামে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনটি থামানো অবস্থায় কোনো দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং মামলা প্রক্রিয়াধীন।
একই রাতে গফরগাঁওয়ে রেললাইনের প্রায় ২২ ফুট অংশের পাত খুলে ফেলা হয়। রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় লাইনটি দ্রুত মেরামত করা হয়। রেলওয়ে ঢাকা বিভাগের পুলিশ সুপার নিকুলিন চাকমা জানান, ওই সময় ওই পথে ট্রেন চলাচলের কোনো সূচি ছিল না; অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। একই রাতে জামালপুরের মেলান্দহে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া বুধবার ভোরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আসনের সামান্য অংশ পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে থানার আওতাধীন এলাকা পদ্মা সেতুর উত্তর প্রান্ত, যমুনা সেতুর পূর্ব পাড় এবং ময়মনসিংহ ও গফরগাঁও পর্যন্ত বিস্তৃত। থানার তত্ত্বাবধানে ছয়টি পুলিশ ফাঁড়ির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্টেশন, রেললাইন ও চলন্ত ট্রেনে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, ঢাকা রেলওয়ে থানার তত্ত্বাবধানে স্টেশনগুলোতে নিরাপত্তার দায়িত্বে প্রতিদিন একসঙ্গে ৬৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। অন্যদিকে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রতিদিন ৭০ থেকে ৮০টির বেশি ট্রেন যাত্রাবিরতি করে। পুলিশ সূত্র জানায়, একটি ট্রেনের প্রতিটি বগিতে গড়ে ৯০ জন যাত্রী থাকলে ২০টি বগিতে যাত্রীসংখ্যা দাঁড়ায় প্রায় এক হাজার ৮০০; অথচ পুরো ট্রেনের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন মাত্র তিন থেকে চারজন পুলিশ সদস্য।
এদিকে, কয়েক দিন আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীসহ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ সুপার নিকুলিন চাকমা বলেন, রেলওয়ে পুলিশের বিদ্যমান জনবল দিয়েই ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রেলপথ ও ট্রেনের নিরাপত্তায় সর্বাত্মক সতর্কতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন