
বরিশালে জিয়াউল আহসানের বাসভবনে আগুন ও জানালার কাচ ভাঙচুর
বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া জিয়াউল আহসানের বরিশালের বাসায় নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পোড়ার কথা জানা গেছে। স্থানীয়দের দাবি, একই সময়ে ভবনের জানালার কাচও ভাঙচুর করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রবিউল আল আমিন জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নগরীর বৈদ্যপাড়া আলহাজ নাসির উদ্দিন সড়কে তহুরা মঞ্জিলে আগুন দেওয়া হয়। বিকাল ৫টা ৫৮ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক অগ্নিকাণ্ডের খবর দেন। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে তিনতলা বাসার নিচের একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে, তবে সে সময় আগুনের শিখা দেখা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা। তিনি কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার দাবি করলেও ঘটনাস্থলে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পোড়ার তথ্য পাওয়া গেছে।
বাসভবনের নিরাপত্তা প্রহরী জানান, তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। সেখান থেকে তিনি শুনতে পান, ৪০ থেকে ৫০ জন যুবক বাসার নিচতলায় আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর পর তিনি ঘটনাস্থলে ফিরে দেখেন আগুন নিভে গেছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জন যুবক ভবনের জানালার কাচ ভেঙে ফেলে এবং নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের দাবি, যুবকরা চলে যাওয়ার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রদলের নামে করা এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন