
সশস্ত্র বাহিনীর ইতিহাসে একুশে নভেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার তার ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমাণ শুরু করেন। সে সময় মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা এবং দেশপ্রেমিক জনতাও যৌথভাবে এই অভিযানে অংশ নেন। এ কারণেই প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
বার্তায় তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময়ে বাহিনীর ভূমিকা তাকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানের উল্লেখ করে বলেন, তিনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমানের সময়ে সশস্ত্র বাহিনী একটি সুশৃঙ্খল ও আধুনিক বাহিনীতে রূপ নেয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে এই আধুনিকায়নের ধারা অব্যাহত থাকে। বর্তমান সরকারও প্রযুক্তিনির্ভর ও দক্ষ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে বলে তিনি জানান।
বার্তায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রসঙ্গে তিনি বলেন, সততা ও দক্ষতার জন্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত হন এবং শান্তিরক্ষায় শীর্ষ অবদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
সাত বীরশ্রেষ্ঠসহ বাহিনীর সকল বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিন বাহিনীপ্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন