
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে জানান, অপরাধমূলক এই হামলার ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, ঘটনাটি ঠিক কবে ঘটেছে কিংবা কীভাবে ফিফার তথ্যভান্ডারের নিরাপত্তা ভাঙা হয়েছে—এসব বিষয়ে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।
ফিফা আরও জানিয়েছে, কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সংস্থাটি অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ফিফার ভাষ্যে, এমন কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার অধিকারের গুরুতর লঙ্ঘন। তবে চুরি হওয়া কোনো তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা দেয়নি সংস্থাটি।
এদিকে হামলার বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার মোট সংরক্ষিত তথ্যের শূন্য দশমিক ১ শতাংশেরও কম আক্রান্ত হয়েছে। অর্থাৎ সংস্থাটির সামগ্রিক তথ্যভান্ডারের তুলনায় ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ খুবই কম বলে ওই সূত্রের দাবি। তবে সেই অংশে ঠিক কী ধরনের সংবেদনশীল তথ্য রয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
সাইবার হামলার খবর সামনে আসার পর ফিফার বাতিল হয়ে যাওয়া একটি বড় বাণিজ্যিক প্রকল্পও আলোচনায় এসেছে। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের ওই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা ছিল। রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাইবার হামলাকারীরা বাতিল হওয়া ওই প্রকল্পের কোনো নথিতে প্রবেশ করতে পারেনি।
মন্তব্য করুন