
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ের তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভুঁইয়া। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এই প্রকল্পগুলোর উদ্বোধন সম্পন্ন হয়। এর মধ্যে রয়েছে সড়ক কার্পেটিং ও একটি দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট নির্মাণ।
উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজার ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত জনপদে বসবাসরত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারবে, যা কৃষকদের ভোগান্তি কমাবে এবং স্থানীয় অর্থনীতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
প্রকল্পগুলোর বিবরণ হলো—৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২.৭৩০ কিলোমিটার একসত্যাপাড়া-বড়বিল সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১.৪৯১ কিলোমিটার যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক কার্পেটিং এবং ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট। এই তিনটি প্রকল্পের মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছার, খাগড়াছড়ি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন