
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক ভাড়াবাসার কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শোয়াইব আহম্মদ (২২) এবং তিনি হাটহাজারী এলাকায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। দুপুরে তার এক রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।
হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলতাফ জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট তদন্তকারীরা কাজ করছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন