
ট্রাম্প প্রশাসনের জরুরি আবেদন খারিজ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট, যাতে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে প্রেরিত ২০ হাজারেরও বেশি নিবন্ধিত ভোটারের ব্যালট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা হতো। বিচার বিভাগীয় কর্তৃপক্ষের করা আবেদনে দাবি করা হয়েছিল যে এসব ব্যালটের ভোটারদের অনেকে মার্কিন নাগরিক নন, তাই এসব আগাম ভোট অবৈধ হতে পারে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আবেদনটি গৃহীত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা নাকচ করে দেন।
ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য এবং ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। এখানে প্রায় দুই কোটি ৬০ লাখ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত আছে। অঙ্গরাজ্যটিতে প্রতিনিধি পরিষদের ৫২টি আসন রয়েছে, যা অন্য যেকোনো অঙ্গরাজ্যের তুলনায় বেশি। এই ব্যালটগুলো গণনার বাইরে রাখা হলে তা হাজার হাজার ভোটারকে প্রভাবিত করতে পারত এবং নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারত।
ট্রাম্প প্রশাসন বারবার ভোটার জালিয়াতির অভিযোগ এনে ডেমোক্র্যাটদের অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে নির্বাচন চুরির অভিযোগ করে আসছে। তিনি অনেকাংশে ডাকযোগে ভোটদান পদ্ধতিকে দায়ী করেন, যা অনেক ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যে অনুমোদিত। ট্রাম্প প্রশাসন অনাগরিকদের কথিত ভোট দেওয়ার বিষয়েও নজরদারি জোরদার করেছে।
তবে একাধিক গবেষণা ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরীক্ষায় দেখা গেছে, অনাগরিকসহ নিবন্ধিত ভোটার নন, এমন ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
নির্বাচনী কর্মকর্তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং নির্বাচনের ফলাফলের ওপর সন্দেহ সৃষ্টি করতে চাইছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নিম্ন আদালত নির্বাচনী কর্মকর্তাদের এ অবস্থানের পক্ষে রায় দিয়েছেন।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য আরও একটি পরাজয় হিসেবে গণ্য হচ্ছে, বিশেষ করে যখন তাঁর রিপাবলিকান দলীয় সঙ্গীরা মার্কিন কংগ্রেসের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার লড়াইয়ে মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হচ্ছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
মন্তব্য করুন