
৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটির ঘোষণা বিজিএমইএর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সমস্ত পোশাক কারখানায় সাধারণ ছুটি থাকবে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ৫ নভেম্বর সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিএমইএ জানিয়েছে, সরকারের ঘোষিত সাধারণ ছুটির সাথে সামঞ্জস্য রেখে পোশাক শিল্পের কারখানাগুলোতে এই ছুটি কার্যকর করা হবে।
এর আগে, গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ নভেম্বরকে সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষিত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব ওয়ালীউল দামানের স্বাক্ষর রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।
গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তী সময়ে প্রজ্ঞাপন জারি করে।
সরকারের এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিজিএমইএ দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
মন্তব্য করুন