
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের কোনো চুক্তির প্রয়োজন নেই। এছাড়া তিনি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, যেন ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলোর অপরাধ ও দুর্নীতির বিষয়ে সম্পূর্ণ মনোযোগ দেওয়া হয়।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্টে ট্রাম্প লেখেন, ভ্যান্সকে যুক্তরাষ্ট্রজুড়ে ‘লাগামহীন দুর্নীতি ও অপরাধের দিকে সর্বাত্মক মনোযোগ’ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালির প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ইরানের সঙ্গে চুক্তির দিনগুলো অনেক আগেই শেষ। তাদের শত শত বিলিয়ন ডলার মার্কিন হাতে আছে এবং প্রণালিটিও মার্কিন দখলে, তার দাবি।
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে ভ্যান্সের একজন কট্টরপন্থি ইরানি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মুখোমুখি বৈঠকে শান্তি আলোচনা নিয়ে ভাবছেন বলে খবর প্রকাশের একদিন পরেই ট্রাম্পের এ নির্দেশ এলো। যুদ্ধ বন্ধ করতে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ভ্যান্স ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গেও কথা বলেছিলেন। তবে ট্রাম্পের নির্দেশে সেই প্রক্রিয়া থমকে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে ভ্যান্স যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।
সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ বন্ধে চুক্তিতে আরও বেশি আগ্রহী হবে। তবে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন বিশ্বাস প্রকাশ করেছে, ইরানের বিরুদ্ধে তাদের অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, ফলে সামরিক উত্তেজনা বাড়ানো বা কূটনীতির আর প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করার পর চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ‘ইরনা’ জানায়, হরমোজগন প্রদেশের বন্দরনগরী সিরিকে বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলা চালানো হয়েছে। শুক্রবার তেহরান জানায়, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বিমানহামলার প্রতিশোধ হিসেবে তারা পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর সেন্টকমের রাডার স্টেশনে হামলা চালিয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
জানা যায়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। গত দুই মাসে বড় কোনো হামলা-পাল্টাহামলা না হলেও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে ধারাবাহিকভাবে।
মন্তব্য করুন