
রংপুর ও রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছেছেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
অবতরণের সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মেয়র শাহাদাত হোসেন।
বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হলে অবস্থান করে পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।
এর আগে সকালে রংপুরের ধারা গোবিন্দ মন্দির ও রাজশাহীর ধর্মপাশা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সফরে যাওয়ার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সফরের দলে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মন্তব্য করুন