
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বলেছেন, পতিত স্বৈরাচার ও বিরোধীদলের একটি অংশ মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তিনি দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন, গোয়েন্দা তথ্যে জানা গেছে যে পতিত স্বৈরাচার দেশের বাইরে থেকে বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে। এছাড়া, কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, একদল জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত, অন্যরা নির্বাচনের আগে মিথ্যা বলে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করেছে। এখন দুইপক্ষ এক হয়েছে; একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে সবাই সচেতন হওয়ার সময় এসেছে। তিনি বেকার সমস্যা সমাধানে বিভিন্ন বন্ধ কলকারখানা খোলার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন। বিএনপি সরকার গঠনের পর রাজশাহী জেলায় কারখানার মালিকদের সঙ্গে কথা বলে ছয়টি কলকারখানা চালু করা হয়েছে। আগামী ১২ মাসে দেশের আরও ৪৬টি বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা আছে বলে তিনি জানান। কলকারখানা চালুর অন্যতম প্রধান লক্ষ্য বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার পাঁচ বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য পৃথক শয্যার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা নিশ্চিতেরও উদ্যোগ নেওয়া হবে। এতে করে গ্রামের মানুষকে সাধারণ রোগের চিকিৎসার জন্যও শহরে ছুটতে হবে না।
জনসভার শুরুতে প্রধানমন্ত্রী রাজশাহী অঞ্চলের ৩৮৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা প্রদান করেন। এই অর্থ প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে সংশ্লিষ্ট চাষিদের মোবাইল অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন তিনি।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ রাজশাহী জেলার সংসদ সদস্যরা বক্তব্য দেন। এর আগে সামরিক বিমানে করে দুপুর ২টা ৫০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী রংপুরের ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মন্তব্য করুন