
টুঙ্গিপাড়ায় পুলিশ গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআই কুপিয়ে আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এক এসআইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত পুলিশ সদস্যকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, রোববার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের দাবি, মিছিলটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলে চিহ্নিত করা হয়েছে। ওই মিছিল থেকেই পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে ওসি জানিয়েছেন।
পুলিশের বরাতে মামলার তথ্যে বলা হয়েছে, ১০ নভেম্বর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল করেন। ওই সময় তারা একটি সরকারি পুলিশ গাড়ি ঘিরে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি রাবার বুলেট, পাঁচটি কাঁদুনে গ্যাসের শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে গাড়ির আগুন নেভায়।
ওই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় দুই হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন