
লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ দুজন বাংলাদেশি নাগরিকের খোঁজে আছে। ব্রিটেনের মহানগর পুলিশ তাদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য জনসাধারণের সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইমস্টপার্স অভিযুক্তদের সন্ধান পেতে সহায়ক তথ্য দেওয়ার বিনিমে দশ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।
পুলিশের বিজ্ঞপ্তি ও ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনও যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং টাওয়ার হ্যামলেটস এলাকার সাথে তার সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে জাহিদুল হাসান জায়গীরদার বাংলাদেশে পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে, যদিও এটি নিশ্চিত নয়।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ১৩ বছর বয়সী একটি কিশোরী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে দ্য সান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইটচ্যাপেল রোডে দুজন ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে উইভার্স ফিল্ডস নামের একটি পার্কে নিয়ে গেছেন এবং সেখানে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে এক পথচারী তাকে উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ফরেনসিক পরীক্ষাসহ তদন্ত চালিয়েছে।
১৮ সেপ্টেম্বর পুলিশ এক প্রকাশ্য আপিল জানায় এবং অভিযুক্তদের ছবি প্রকাশ করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানায়। ক্রাইমস্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, কিশোরী এক ভয়ানক এবং বেদনাদায়ক আক্রমণের শিকার হয়েছেন। অভিযুক্তদের সনাক্ত করা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও তাদের খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি, তাই এগুলো এখন শুধুমাত্র অভিযোগ, প্রমাণিত দোষ নয়।
মন্তব্য করুন