
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এ সময় জয় চৌধুরীকে উদ্দেশ করে “তুই ফ্যাসিস্ট” বলে ধমকও দেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিএফডিসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে ওইদিন বিএফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
তবে বিএফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে হেলাল খান আরও ক্ষুব্ধ হন এবং সেখানে বসে থাকা শিল্পী সমিতির কয়েকজন সদস্যের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন।
হেলাল খান ওই সময় বলেন, যারা বসে আছে তারা সবাই ফ্যাসিস্ট। জয়কে উদ্দেশ করে তিনি বলেন, “চুপ, একদম চুপ, তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।”
এ বিষয়ে জয় চৌধুরী বলেন, হেলাল খান রাগের মাথায় তাঁকে ফ্যাসিস্ট বলেছেন। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যোগ দিতে দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হয়েছেন বলে তিনি মনে করেন। জয়ের ভাষ্য অনুযায়ী, ডি এ তায়েব নিজেও জানেন না ওই ব্যক্তিরা কখন কীভাবে বিএফডিসিতে এসেছেন এবং কেন তাঁদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই হেলাল খান তাঁর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন