
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে। দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
তিবির দাবি, প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করলেও নেতানিয়াহু সরকার গঠনের সমীকরণে আড়ালে তাদের সমর্থন চেয়েছিলেন। তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে আহমাদ তিবি তাঁর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল পাঠানো ব্যক্তিগত বার্তাগুলো প্রকাশ করেন। তবে ছবির মান অস্পষ্ট থাকায় সেগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি। তিবি অভিযোগ করেন, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং ফল প্রকাশের পরও এশেল তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।
এছাড়া, তিবি আরও অভিযোগ করেন যে নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাঁকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিয়ে নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে বলেন। বিরোধীরা আরব দলগুলোকে সরকারে নেবে না এমন যুক্তি দেখিয়ে পুনরায় নির্বাচনের পরামর্শও দেন ওই মন্ত্রী, বলে দাবি করেন তিবি।
ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনা নয় জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তাঁর প্রকাশ্য অবস্থান ও আড়ালের যোগাযোগের মধ্যকার দ্বিচারিতা তুলে ধরতেই তিনি এসব বার্তা প্রকাশ করেছেন।
তবে তিবির অভিযোগ সরাসরি নাচ করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে এমন কোনো দলের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।
মন্তব্য করুন