
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই ফাইনাল রাউন্ডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। তিনি বলেন, পাবলিক স্পিকিংয়ে নিজের বক্তব্য উপস্থাপনার পাশাপাশি অন্যের মতামত, অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান দেখানো জরুরি। তিন মিনিটের মধ্যে কাউকে আঘাত না করে সাবলীলভাবে বক্তব্য দেওয়া এক ধরণের চর্চা। পাবলিক স্পিকিং বা বিতর্কে কাউকে হারানো মূল লক্ষ্য নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশ করাই গুরুত্বপূর্ণ। এসময় তিনি ক্যারিয়ার ক্লাবকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সব প্রতিযোগী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।
গ্র্যান্ড ফাইনালটি বাংলা ও ইংরেজি—এই দুটি সেগমেন্টে অনুষ্ঠিত হয়। ইংরেজি সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ইংরেজি ডিসিপ্লিনের আদিত্য লস্কর ভূমি, দ্বিতীয় স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের কাজী তানভীর এবং তৃতীয় স্থান অধিকার করেন একই ডিসিপ্লিনের সোহানা খাতুন।
বাংলা সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের নাহিয়ান আদিব মাহিম, দ্বিতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জিহাদ হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ফাওজিয়া ফারিয়া জেবা।
ক্লাবের ডেপুটি ডিরেক্টর রুকাইয়া আফিয়া নেহা বলেন, নবীন শিক্ষার্থীদের কথা বলার ভয় দূর করা ও পাবলিক স্পিকিং এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই ‘পাবলিক স্পিকিং প্রোজ’ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে আয়োজিত হয়। এবার প্রতিযোগিতার চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে অসাধারণ সাড়া পাওয়ায় প্রাথমিক পর্যায় থেকে বাংলা ও ইংরেজি দুটি সেগমেন্টে আটজন করে মোট ১৬ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ বাছাই করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী অভিনন্দন পাওয়ার যোগ্য, কারণ তারা নিজেদের, নিজেদের ডিসিপ্লিনের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, গত বছরও এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন, এবারও দ্বিতীয় হয়েছেন। এই ধরণের পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আদিব মাহিম বলেন, পাবলিক স্পিকিং হাতে-কলমে অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতার বাইরে উন্নত করা কঠিন। মানুষের সামনে কথা বলার সুযোগ না পেলে জড়তা দূর করা এবং স্বাচ্ছন্দ্যে বক্তব্য দেওয়া সম্ভব নয়। ক্যারিয়ার ক্লাবের তৈরি প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ।
গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্বে ছিলেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, শিক্ষা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. ফজলে রাব্বী এবং লেক্সিকনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোজিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক সহযোগী অধ্যাপক ডঃ মোঃ তারেক বিন সালাম এবং প্রভাষক মোঃ মতিউর রহমান।
মন্তব্য করুন