
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজার থেকে সোমবার রাত পুলিশ ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে। পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এ খাদ্যসামগ্রি আত্মসাত করে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এ খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার মজুতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতো। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় এগুলো বিতরণ করা হবে।
এ ঘটনায় নাওডোবা বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খিচুড়িগুলোর প্রকৃত মালিকানা ও মজুতের উদ্দেশ্য নিশ্চিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন